Tuesday, October 27, 2026

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ডাকাতির চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন রফিকুল ইসলাম মাদানি


ফাইল ছবিঃ ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ডাকাতির কবলে পড়তে যাচ্ছিলেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার (২৫ অক্টোবর) রাতে কুমিল্লায় একটি ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে উপজেলার পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তবে চালকের দ্রুত সিদ্ধান্তে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পান তিনি।

রফিকুল ইসলাম মাদানি নিজের ফেসবুক লাইভে ঘটনাটি তুলে ধরেন। তিনি জানান, পাকুন্ডা এলাকায় পৌঁছানোর পর সড়কে ডাকাতির প্রস্তুতি দেখতে পান। ডাকাতরা সড়কের ওপর বড় বড় পাথর ফেলে যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করছিল। এ সময় তাদের হাতে ধারালো রামদাও দেখা যায়।

পরিস্থিতি আঁচ করতে পেরে তার গাড়িচালক দ্রুত গাড়ির দিক পরিবর্তন করে সেখান থেকে সরে যান। এতে তারা ডাকাতদের কবলে পড়া থেকে রক্ষা পান বলে জানান এই ইসলামি বক্তা।

তিনি আরও জানান, ওই সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। তার ভাষ্য অনুযায়ী, ডাকাতির চেষ্টা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এশিয়ান হাইওয়ের ওই এলাকায় ডাকাতির চেষ্টার ঘটনায় স্থানীয় সড়ক ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন