Monday, October 26, 2026

দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৬


প্রতীকী ছবিঃ স্বাস্থ্য অধিদপ্তর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৬ জন রোগী।

সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫৫৯ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, সিলেটে ১৫৭, বরিশালে ১৩৪, খুলনায় ১২২, ময়মনসিংহে ৮৮, রংপুরে ৬৩ এবং রাজশাহী বিভাগে ৩২ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে পরীক্ষায় নিশ্চিত হাম নিয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১ হাজার ১২৯ জন। দুই হিসাব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯০ হাজার ৩৬ জন।

দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যাও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫২২ জনে।

এ সময়ে পরীক্ষার মাধ্যমে ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

নতুন রোগী ভর্তি ও মৃত্যুর ধারাবাহিকতা দেশের জনস্বাস্থ্য পরিস্থিতিতে হামের প্রভাবের বিষয়টি সামনে এনেছে। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের দ্রুত শনাক্ত করা, প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা এবং সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও টিকাদান কার্যক্রমের গুরুত্ব রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন