Wednesday, February 4, 2026

বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত


ছবিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় একটি নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর রাত ১০টার দিকে ধ্বংসস্তূপের নিচ থেকে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বাইরিয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। তিনি ওই হিমাগারের ছাদ ঢালাইয়ের কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঢাকার আশুলিয়ার বাসিন্দা কামরুন নাহারের মালিকানাধীন ‘ম্যাক ফেয়ার কোল্ড স্টোরেজ’ নামে একটি হিমাগারের নির্মাণকাজ চলছিল। ঢালাই চলাকালে হঠাৎ ছাদ ধসে পড়লে ঘটনাস্থলে থাকা কয়েকজন শ্রমিক দ্রুত সরে যেতে পারলেও আমিনুল ইসলাম বের হতে না পেরে চাপা পড়েন।

আহত দুই শ্রমিক হলেন—জয়পুরহাট জেলার কালাই উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের সাহাজুল ইসলাম (৩৫) ও বেলাল হোসেন (২৫)। তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্মাণকাজে অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে হিমাগার কর্তৃপক্ষের কাউকে এলাকায় পাওয়া যায়নি।

দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন বলেন, নিহতের পরিবারের সদস্যরা এলে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন