- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে আগামী কয়েক দিন সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে নদী অববাহিকাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে শুষ্ক থাকতে পারে। এ সময় ভোরের দিকে নদী অববাহিকার কিছু এলাকায় কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ দিনও আকাশ আংশিক মেঘলা থাকবে এবং ভোরে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে। রাত ও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ওই দিন রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে আবহাওয়া শুষ্কই থাকবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ও শনিবার (৭ ফেব্রুয়ারি) সারা দেশে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা থাকলেও বৃষ্টির আশঙ্কা নেই। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীতের মৌসুমে এ ধরনের আবহাওয়া স্বাভাবিক এবং পরবর্তী কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।