- ২৪ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুমিল্লা
কুমিল্লার বরুড়া উপজেলায় মোবারক হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ দর্জির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওরী ফকির বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোবারক হোসেন ওই এলাকার চৌওরী ফকির বাড়ির বাসিন্দা। বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি কমিউনিটি ক্লিনিকের পেছনের বাঁশঝাড়ে তাঁর মরদেহ পড়ে ছিল। ঘটনাস্থল থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর মোবারক হোসেন আর ফিরে আসেননি। পরে শনিবার সকালে স্থানীয় কয়েকটি শিশু বাঁশঝাড়ে খেলতে গিয়ে তাঁর মরদেহ দেখতে পায়। তাদের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কী কারণে এবং কারা তাঁকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, মোবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।