Sunday, October 25, 2026

খাগড়াছড়িতে আধাবেলার সড়ক অবরোধ শেষ, দুপুরের পর যান চলাচল স্বাভাবিক


ছবিঃ খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ইউপিডিএফ-সমর্থিত সংগঠন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলার সড়ক অবরোধ শেষ হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার পর খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে যানবাহন চলাচল আবার শুরু হয়।

এর আগে ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে পিকেটিং করেন আন্দোলনকারীরা। এ সময় পানছড়ি সড়কে কাঠের গুঁড়ি ফেলে এবং সাজেক সড়কের কয়েকটি স্থানে কাঠের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। জেলা সদরের বিভিন্ন স্থানেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধ শেষ হওয়ার পর ধীরে ধীরে সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

অবরোধের কারণে সকালে যাতায়াতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় শামিমা আক্তার জানান, চিকিৎসকের কাছে যাওয়ার জন্য তিনি সকালে পানছড়ি থেকে খাগড়াছড়ি শহরের উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রা শুরু করলেও পথে কোথাও বাধার মুখে পড়েননি বলে জানান তিনি।

শহরের নারকেল বাগান এলাকার শান্তি পরিবহণের কাউন্টারে চট্টগ্রাম যাওয়ার অপেক্ষায় ছিলেন সুমাদ্রী চাকমা। তিনি বলেন, সকালে চট্টগ্রামে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে যাত্রা করতে পারেননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার খবর পেয়ে যাত্রার সিদ্ধান্ত নেন। দুপুর ১টার পর চট্টগ্রামগামী বাসে ওঠার পরিকল্পনা ছিল তাঁর।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহর ও আশপাশের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছানোর পর পিকেটাররা সরে যান।

তিনি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাতের কোচগুলো ভোরেই খাগড়াছড়ি শহরে পৌঁছে যায়।

দুপুর ১২টার পর অবরোধ শেষ হওয়ায় তিনটি প্রধান সড়কে যাত্রী ও যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন