- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ভূমিকা পালনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, কোনো সদস্য যদি ব্যক্তি, রাজনৈতিক দল কিংবা কোনো বিশেষ এজেন্ডার সঙ্গে জড়িত হন, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির পাশাপাশি কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ডসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের শৈথিল্য দেখাবে না। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সরকারের প্রধান অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।
কোস্ট গার্ডের কার্যক্রমের প্রশংসা করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা রক্ষায় বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অবৈধ মৎস্য আহরণ বন্ধ, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ এবং জলদস্যুতা দমনে কোস্ট গার্ড সদস্যরা সাহসিকতার পরিচয় দিচ্ছেন। পাশাপাশি দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিক উদ্ধারে তাদের নিয়মিত টহল কার্যক্রম উল্লেখযোগ্য সাফল্য এনেছে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। ঘূর্ণিঝড়, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে উপকূলীয় জনগণকে সতর্ক করা, উদ্ধার তৎপরতা, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ এবং রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনায় বাহিনীটির অবদান প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করেন উপদেষ্টা।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী নদী ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারের মাধ্যমে কোস্ট গার্ড শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাই নয়, আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখছে। এই অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ কোস্ট গার্ডের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
নির্বাচন উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ১০০টি প্লাটুন মোতায়েন সম্পন্ন হয়েছে।
দুর্নীতিকে রাষ্ট্রের বড় শত্রু আখ্যা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে দেয়। তাই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।