Sunday, April 19, 2026

মুম্বাইয়ে পরিচালক রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ, দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং


ছবিঃ রোহিত শেঠির বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

মুম্বাইয়ের জুহু এলাকায় পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং, পাশাপাশি সামাজিক মাধ্যমে সরাসরি হত্যার হুমকিও দিয়েছে। এ ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টা ৪০ থেকে একটার মধ্যে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয় শেঠির জুহুস্থ বাসভবনের বাইরে। একটি গুলি বাড়ির জিমের কাচে লেগে যায়। যদিও এ ঘটনায় কেউ আহত হয়নি, পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে।

ঘটনার পর ‘শুভম লোঙ্কের’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে দায় স্বীকারের পোস্ট করা হয়। সেখানে বলা হয়েছে, “আজ আমরা রোহিত শেঠির মুম্বাইয়ের বাড়িতে গুলিবর্ষণের দায় স্বীকার করছি। এটা ছিল শুধু একটি ইঙ্গিত; কথা না শুনলে পরের গুলি বাড়ির বাইরে নয়, বেডরুমে লাগবে।” পোস্টে বলিউডের সকল তারকাকেও সতর্ক করার হুমকি দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও সামাজিক মাধ্যমে প্রকাশিত হুমকির সত্যতা যাচাই করা হচ্ছে। রোববার পুণের ধয়ারী ও কার্ভেনগর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার চেষ্টা এবং অন্যান্য অভিযোগ দায়ের করা হয়েছে। আটকরা হলেন— আমন আনন্দ মারোতে (২৭), আদিত্য জ্ঞানেশ্বর গায়কি (১৯), সিদ্ধার্থ দীপক যেনপুরে (২০), সমর্থ শিবশরণ পোমাজি (১৮) এবং স্বপ্নীল সকত (২৩)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের সঙ্গে মুম্বাইয়ের ঘটনার সরাসরি যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। এর আগে এই গ্যাংয়ের হুমকির মুখে পড়েছেন বলিউড সুপারস্টার সালমান খানও। ২০২৪ সালের এপ্রিলে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণের ঘটনাতেও এই গোষ্ঠীর নাম উঠে এসেছিল।

উল্লেখযোগ্যভাবে, একই বছরের অক্টোবরে প্রকাশ্যে বাবা সিদ্দিকিকে হত্যা করার দায়ও স্বীকার করেছিল লরেন্স বিষ্ণোই গ্যাং। এছাড়া অভিনেত্রী দিশা পাটানি, ইউটিউবার এলভিশ যাদব এবং বিদেশে কয়েকজন ভারতীয় শিল্পীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে।

রোহিত শেঠির বাড়ির সাম্প্রতিক গুলিবর্ষণ ঘটনার তদন্ত এখনও চলছে। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সকল দিক বিবেচনা করে ঘটনার পেছনের উদ্দেশ্য ও নেটওয়ার্ক শনাক্তের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে রোহিত শেঠি এখনও কোনো মন্তব্য করেননি।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন