Thursday, September 10, 2026

গ্র্যামিতে নতুন ইতিহাস গড়লেন কেনড্রিক লামার


ছবিঃ পুরস্কার হাতে কেনড্রিক লামার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বসংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লেন মার্কিন র‍্যাপ তারকা কেনড্রিক লামার। এবারের আসরে চারটি পুরস্কার জয়ের মাধ্যমে তিনি র‍্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি অর্জনের রেকর্ড নিজের করে নিয়েছেন। এতদিন এই কীর্তি ছিল আরেক কিংবদন্তি র‍্যাপার জে-জি’র দখলে।

বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় শুরু হয় ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠান শুরুর আগেই প্রিমিয়ার পর্বে তিনটি বিভাগে পুরস্কার জিতে রেকর্ড স্পর্শ করেন কেনড্রিক লামার। পরে মূল মঞ্চে আরও একটি পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি জে-জিকে ছাড়িয়ে যান।

গ্র্যামির প্রিমিয়ার পর্বে কেনড্রিক লামার সেরা র‍্যাপ পারফরম্যান্স, সেরা মেলোডিক র‍্যাপ পারফরম্যান্স এবং সেরা র‍্যাপ গান—এই তিনটি বিভাগে পুরস্কার পান। এরপর মূল সম্প্রচারে ২০২৪ সালে প্রকাশিত অ্যালবাম ‘জিএনএক্স’-এর জন্য সেরা র‍্যাপ অ্যালবামের সম্মান অর্জন করেন তিনি। এই চারটি পুরস্কার মিলিয়ে তাঁর মোট গ্র্যামি সংখ্যা দাঁড়ায় ২৬টিতে।

এর ফলে দীর্ঘদিনের রেকর্ডধারী জে-জি’র ২৫টি গ্র্যামিকে পেছনে ফেলে র‍্যাপ সংগীতে নতুন মাইলফলক স্থাপন করলেন কেনড্রিক লামার। উল্লেখযোগ্য বিষয় হলো, অনুষ্ঠান শুরুর দিকেই এই অর্জন নিশ্চিত হয়, যখন গ্র্যামির পুরো আয়োজন তখনো চলমান।

এবারের গ্র্যামিতে মনোনয়নের দিক থেকেও এগিয়ে ছিলেন কেনড্রিক লামার। তিনি মোট ৯টি বিভাগে মনোনয়ন পান। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত তাঁর মোট গ্র্যামি মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬টি, যা তাঁকে সমসাময়িক র‍্যাপ শিল্পীদের মধ্যে অন্যতম প্রভাবশালী ও সফল শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন