Wednesday, February 4, 2026

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের


ছবিঃ বাংলাদেশ ফুটবল টিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করা বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচেও শক্তিমত্তার পরিচয় দিয়েছে। নেপালের পোখারায় অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী ভারতকে ২–০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। এর ফল আসে ২৯ মিনিটে। ফ্রি-কিক থেকে নেওয়া শটে বলের গতি ও ফ্লাইট ঠিকমতো ধরতে ব্যর্থ হন ভারতের গোলরক্ষক। তাঁর হাত ছুঁয়ে বল সামনে এলে সুযোগটি কাজে লাগান অধিনায়ক অর্পিতা বিশ্বাস, সহজ শটে দলকে এগিয়ে দেন।

লিড পাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ম্যাচের ৩৯ মিনিটে ডান প্রান্ত থেকে করা একটি নিখুঁত ক্রসে ভারতের রক্ষণভাগ বিভ্রান্ত হয়ে পড়ে। দুই ডিফেন্ডারের মাঝখান থেকে ফরোয়ার্ড আলপি আক্তার দারুণ নিয়ন্ত্রণে বল জালে পাঠান। প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকে।

বিরতির পরও মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। একের পর এক আক্রমণ চালালেও গোলসংখ্যা আর বাড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২–০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলার বাঘিনীরা।

এই টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ছাড়াও বাংলাদেশ, ভারত ও ভুটান অংশ নিচ্ছে। চার দলই লিগ পদ্ধতিতে একে অপরের সঙ্গে একবার করে খেলবে। তিন ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।

দুটি ম্যাচ শেষে বাংলাদেশ ৬ পয়েন্ট ও ১৪ গোলের ব্যবধান নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আগের ম্যাচে নেপালকে হারানো ভারত ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। নেপাল ও ভুটান এখনো কোনো পয়েন্ট পায়নি। আজ নেপাল ও ভুটানের ম্যাচ ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন