- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ফুটবল মাঠে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াই বহুদিনের। তবে এবার সেই প্রতিদ্বন্দ্বিতা ছড়িয়ে পড়ল মাঠের বাইরে—স্মারক জার্সির নিলামেও। চেলসি কিংবদন্তি জন টেরির ব্যক্তিগত সংগ্রহে থাকা লিওনেল মেসির একটি ম্যাচ-জার্সি নিলামে বিক্রি হয়েছে রেকর্ড দামে, যা ছাড়িয়ে গেছে রোনালদোর একটি জার্সির মূল্যকে।
যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান গোল্ডিনের আয়োজনে অনুষ্ঠিত এই নিলামে জন টেরি তার খেলোয়াড়ি জীবনে সংগ্রহ করা ৫০টিরও বেশি স্মারক সামগ্রী বিক্রির জন্য তোলেন। এর মধ্যে সবচেয়ে আলোচনার জন্ম দেয় মেসির একটি পুরোনো জার্সি।
আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমের তথ্যমতে, ২০০৬ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগে চেলসি ও বার্সেলোনার মধ্যকার ম্যাচে ব্যবহৃত লিওনেল মেসির জার্সিটি বিক্রি হয় ১ লাখ ৮৩ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা। একই নিলামে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময়কার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি জার্সির দাম ওঠে ১ লাখ ১৫ হাজার ৯০০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা। ফলে নিলামের মূল্যেও প্রায় ৮৩ লাখ টাকার ব্যবধানে রোনালদোকে পেছনে ফেললেন মেসি।
এই জার্সিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করেন জন টেরি নিজেই। তিনি জানান, স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ওই ম্যাচে মেসি যে কমলা রঙের কিটটি পরেছিলেন, সেটি ছিল বেশ বিরল, কারণ বার্সেলোনা খুব কম সময়ই ওই রঙের জার্সি ব্যবহার করেছে। টেরির ভাষ্য, ডিফেন্ডার হিসেবে পুরো ম্যাচজুড়েই তিনি মেসির কাছাকাছি ছিলেন। ম্যাচের শেষ দিকে ইচ্ছা করেই আরও কাছে যান, যাতে খেলা শেষে মেসির সঙ্গে জার্সি বদল করা যায়। সেই স্মৃতিবাহী জার্সিটিই এবার ইতিহাস গড়ল—ফুটবল ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দামে বিক্রি হওয়া জার্সির তালিকায় জায়গা করে নিয়েছে এটি।
এই নিলামে শুধু মেসি ও রোনালদোর জার্সিই নয়, আরও অনেক কিংবদন্তি ফুটবলারের স্মারক সামগ্রীও ছিল। এর মধ্যে আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অঁরির ২০০৩ সালে চেলসির বিপক্ষে ম্যাচে পরা একটি জার্সি বিক্রি হয় ৯৩ হাজার ৮২০ ডলারে।