- ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আরও উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ ধরনের প্রচার চালানোর সময় যান চলাচলে বিঘ্ন বা জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিটি দেশের সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, গণভোট ও জাতীয় নির্বাচনকে ঘিরে প্রচারণায় উৎসবের আবহ তৈরি করতে ইসি ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারের বিষয়ে সম্মতি দিয়েছে। এ ক্ষেত্রে যানবাহনের চারপাশে ডিজিটাল প্রযুক্তি অথবা সাধারণ পচনশীল সামগ্রী ব্যবহার করে প্রচার চালানো যাবে।
তবে প্রচার কার্যক্রম পরিচালনার সময় জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত করা যাবে না এবং যানজট বা জনভোগান্তির কারণ যেন না হয়—সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
এ সিদ্ধান্তের বিষয়টি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্টেটসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের এই উদ্যোগ নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করবে বলে সংশ্লিষ্ট মহলে আশা প্রকাশ করা হয়েছে।