- ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এ জনসভাকে নির্বাচনপূর্ব দলের চূড়ান্ত শক্তি প্রদর্শন হিসেবে বিবেচনা করছে বিএনপি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী জানান, আগামী ৮ ফেব্রুয়ারি বেলা দুইটায় জনসভা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনসভা সফল করতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, জনসভাকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসমাগম নিশ্চিত করতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা পাঠানো হয়েছে।
বিএনপির নেতারা মনে করছেন, এই জনসভা নির্বাচনের আগে দলের অবস্থান ও রাজনৈতিক বার্তা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ হবে। জনসভায় তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামসহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।