- ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নওগাঁ
সরকার গঠনের সুযোগ পেলে চাঁদাবাজি, দুর্নীতি, ব্যাংক লুট ও মামলা-বাণিজ্যের সঙ্গে জড়িত কাউকেই প্রশ্রয় দেওয়া হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত কখনো চাঁদাবাজির রাজনীতি করে না এবং ভবিষ্যতেও কাউকে তা করতে দেবে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, দুর্নীতিবাজদের সঙ্গে জামায়াতের কোনো আপস নেই। ব্যাংক লুটেরাদের সঙ্গে কোনো সমঝোতার প্রশ্নও ওঠে না। যারা অতীতে মামলা-বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে, ক্ষমতায় এলে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
জামায়াত আমির বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী কেন ভয়ের মধ্যে থাকবে—এমন সংস্কৃতি আর থাকতে দেওয়া হবে না। অতীত সরকারের সময়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যে নির্যাতন হয়েছে, তার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে সবাইকে নিয়ে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।
নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেন, ঘর, পথ ও কর্মস্থল—সব জায়গায় নারীরা মর্যাদা ও নিরাপত্তা পাবে। তিনি হুঁশিয়ার করে বলেন, কোনো নারীকে হুমকি বা নির্যাতনের চেষ্টা হলে তার বিরুদ্ধে কঠোর সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তোলা হবে।
জামায়াত আমির বলেন, নেতৃত্ব কোনো বংশগত অধিকার নয়। দরিদ্র পরিবার থেকে উঠে আসা মেধাবী সন্তানেরাও একদিন দেশের নেতৃত্ব দিতে পারে—এমন পরিবেশ তৈরি করাই জামায়াতের লক্ষ্য। এতে জমিদারি ধাঁচের রাজনীতি ভেঙে পড়বে বলে তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, গত পাঁচ দশকে ক্ষমতায় থাকা দলগুলো রাষ্ট্রীয় সম্পদ লুট করে বিদেশে অর্থ পাচার করেছে। জামায়াত ক্ষমতায় গেলে সেই অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
নওগাঁকে উত্তরাঞ্চলের কৃষির গুরুত্বপূর্ণ জেলা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এ জেলার কৃষকেরা তাদের উৎপাদনের ন্যায্য মূল্য পান না। জামায়াত সরকার গঠন করলে কৃষিপণ্য সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণাগার, ফল প্রক্রিয়াজাত শিল্প এবং পর্যটন খাতের উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। নওগাঁ শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
নওগাঁ জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ আসনের প্রার্থী আব্দুর রাকিবের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েমসহ জেলার বিভিন্ন আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা।