Thursday, February 5, 2026

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি


ছবিঃ লক্ষ্মীপুরের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে থেকে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর 

আসন্ন নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা দুর্বৃত্তরা খুলে নিয়ে গেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ওই বিদ্যালয়ে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় বিদ্যালয়ের নিয়মিত ছুটি শেষে শিক্ষকরা চলে যান। এরপর টানা তিন দিন বিদ্যালয় বন্ধ ছিল। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় খুলে শিক্ষকরা এসে দেখতে পান, নিচতলায় স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটি নেই।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম জানান, স্কুল বন্ধ থাকার সুযোগে দুর্বৃত্তরা সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানো হয় এবং সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নিচতলার নির্ধারিত স্থানে দুটি সিসি ক্যামেরা অনুপস্থিত।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা সরিয়ে নেওয়া নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এসব ক্যামেরার ভূমিকা গুরুত্বপূর্ণ। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের উদ্দেশ্য সন্দেহজনক।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরির বিষয়টি অবগত আছেন প্রশাসন। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন