Thursday, February 5, 2026

লোকসানের মধ্যেও শেয়ারহোল্ডারদের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে লভ্যাংশ ঘোষণা


প্রতীকী ছবিঃ শেয়ারবাজার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দেশের শীর্ষস্থানীয় টাইলস ও সিরামিকস কোম্পানি আরএকে সিরামিকসের লোকসান গত অর্থবছরে তীব্রভাবে বেড়েছে। ২০২৪–২৫ অর্থবছরের শেষ হিসাব অনুযায়ী কোম্পানিটির মোট লোকসান দাঁড়িয়েছে প্রায় ৪০ কোটি টাকা, যা আগের বছরের আড়াই কোটি টাকার চেয়ে প্রায় ১৬ গুণ বেশি।

তবে লোকসানের মধ্যেও কোম্পানিটি সাধারণ শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। লভ্যাংশ বাবদ কোম্পানিটির খরচ হবে প্রায় ১২ কোটি টাকা। উদ্যোক্তা ও পরিচালকদের জন্য কোনো লভ্যাংশ বরাদ্দ করা হয়নি।

আরএকে সিরামিকস জানিয়েছে, শেয়ারপ্রতি লোকসান ২০২৪–২৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৯৩ পয়সা, যেখানে আগের অর্থবছরে এটি ছিল মাত্র ৬ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান ৮৭ পয়সা বৃদ্ধি পেয়েছে। কোম্পানির সূত্রের খবর, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাজারে ক্রেতার সীমিত চাহিদার কারণে বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে।

তবুও লোকসান বৃদ্ধির মধ্যেও শেয়ারবাজারে কোম্পানির শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দুপুর ১২টা পর্যন্ত প্রতিটি শেয়ারের দাম ২৪ টাকা হয়ে শেয়ার মূল্যের ৬০ পয়সা বা ২.৫ শতাংশ বৃদ্ধি হয়েছে।

আরএকে সিরামিকস ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এবং বর্তমানে এটি ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে পরিচিত। কোম্পানির ব্যবসায়িক মুনাফা কমলেও শেয়ারধারীদের প্রতি দায়বদ্ধতা বজায় রাখার জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন