- ২৫ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্কতার পর টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাইটটি বন্ধ রাখা হয়েছে। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ এবং স্বাভাবিক আর্থিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। সাইটটি চালু করতে গেলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত একটি বার্তা দেখা যাচ্ছিল।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বৈশ্বিক সাইবার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা পাওয়ার পর ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে সাইটটির নিরাপত্তা পর্যালোচনা এবং সুরক্ষা জোরদারের কাজ চলছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ওয়েবসাইটের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি চালু করা হচ্ছে না। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ স্বাভাবিক রয়েছে। ওয়েবসাইটটি কবে নাগাদ আবার চালু করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।
এদিকে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় এসব দুর্বলতা শনাক্ত করেছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে বৈশ্বিক সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সরকারও সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে সেটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তবে ওয়েবসাইট বন্ধ থাকার কারণে কেন্দ্রীয় ব্যাংকের অনলাইন তথ্যসেবা বা অন্যান্য ডিজিটাল সেবায় কী ধরনের প্রভাব পড়ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিরাপত্তা যাচাই শেষে ওয়েবসাইটটি পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।