Saturday, February 7, 2026

সপ্তাহের শুরুতে শেয়ারবাজারে দরপতন; সূচক ও লেনদেন কমেছে


প্রতীকী ছবিঃ শেয়ারবাজারে দরপতন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। ঢাকা ও চট্টগ্রাম—উভয় স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। এর প্রভাবে প্রধান মূল্যসূচকগুলো নিম্নমুখী হয় এবং আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেন শুরুর পর থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ শেয়ার ও ইউনিট দর হারাতে থাকে। দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া মোট কোম্পানির মধ্যে ১০৭টির দর বেড়েছে, ২২৫টির দর কমেছে এবং ৩২টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

দরপতনের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২ পয়েন্টে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ১৭ পয়েন্টে এবং বাছাই করা শীর্ষ ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪৭ পয়েন্টে।

সূচকের পাশাপাশি লেনদেনেও দেখা গেছে নিম্নগতি। রোববার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৫০ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ৯ কোটি ৬২ লাখ টাকা কম।

লেনদেনের পরিমাণের হিসাবে এদিন ডিএসইতে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল—এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালী পেপার, আনোয়ার গ্যালভানাইজিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, সামিট এলায়েন্স পোর্ট, প্রগতি ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক ও অ্যাপেক্স ইস্পিনিং।

বাজার সংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান ও নতুন বিনিয়োগের প্রবণতা কম থাকায় বাজারে এই চাপ সৃষ্টি হয়েছে। আগামী কার্যদিবসগুলোতে বাজার কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন