- ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকার ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আন্দোলন চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হয়েছেন।
সংগঠনটি জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিল। শুক্রবার বিকেলে সাড়ে চারটার দিকে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা ও ধস্তাধস্তির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশের পানি কামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ অনেকে আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়।
আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক পোস্টে বলা হয়েছে, শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে জানান, আপাতত জমায়েত না করে চিকিৎসা নেওয়ার পর আন্দোলনে ফিরে আসা উচিত।
উল্লেখ্য, এ আন্দোলন দুই দিন ধরে চলছিল। বৃহস্পতিবার বিকাল থেকে রাতভর হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, আবদুল্লাহ আল জাবের ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অনেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।