Friday, February 6, 2026

ইসলামাবাদে শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত ৩১, আহত শতাধিক


ছবিঃ ৬ ফেব্রুয়ারি ২০২৬ ইসলামাবাদে একটি মসজিদে বিস্ফোরণের পর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্থানীয় লোকজন। (সংগৃহীত । আল জাজিরা । আমির কুরেশি/এএফপি)

আন্তর্জাতিক ডেস্ক। PNN

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। শুক্রবার জুমার নামাজ চলাকালে দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকায় অবস্থিত খাদিজাতুল কুবরা মসজিদে এ বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের সময় হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর মসজিদ ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, আহত ও ক্ষতিগ্রস্ত মোট ১৬৯ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে বলে তিনি জানান।

ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও ইসলামাবাদের জেলা বিচারিক কমপ্লেক্সের প্রবেশপথে এক আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছিলেন। সাম্প্রতিক এই বিস্ফোরণ নতুন করে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন