- ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক। PNN
রাশিয়ার রাজধানী মস্কোয় বন্দুক হামলার শিকার হয়েছেন দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা। একাধিক গুলিতে আহত হয়ে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম।
রুশ তদন্ত কমিটির (আইসিআর) মুখপাত্র স্বেতলানা পেত্রেঙ্কোর বরাতে শুক্রবার প্রকাশিত তথ্যে বলা হয়, সামরিক গোয়েন্দা সংস্থার উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। মস্কোর ভলকলামস্ক হাইওয়ের একটি আবাসিক ভবনের ভেতরে অজ্ঞাত এক হামলাকারী তাঁকে গুলি করে পালিয়ে যায়।
পেত্রেঙ্কো জানান, ঘটনার পরপরই আহত কর্মকর্তাকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। হামলার ঘটনায় হত্যাচেষ্টা ও অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগে ফৌজদারি তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে তদন্তকারী দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা কাজ করছেন। নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে তদন্ত কমিটি।
ভ্লাদিমির আলেক্সেয়েভ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন জেনারেল স্টাফের প্রধান অধিদপ্তরের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৩ সালে ওয়াগনার গ্রুপের বিদ্রোহের সময় বিদ্রোহী নেতা ইয়েভগেনি প্রিগোঝিনের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া সরকারি প্রতিনিধিদলের সদস্য ছিলেন। পরে প্রিগোঝিন বিমান দুর্ঘটনায় নিহত হন, যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা প্রশ্ন ওঠে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ায় একের পর এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মস্কো এসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে আসছে। কিছু ঘটনায় ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা সরাসরি জড়িত থাকার দাবি করেছে।
সবশেষ গত ডিসেম্বর মাসে রুশ সেনাবাহিনীর প্রশিক্ষণ শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত হন। তার আগের বছর মস্কোয় এক বিস্ফোরণে প্রাণ হারান রুশ সেনাবাহিনীর রাসায়নিক ও জৈব সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলভ। ওই ঘটনার দায় ইউক্রেন স্বীকার করেছিল।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলা রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং যুদ্ধকালীন উত্তেজনার মাত্রা আরও স্পষ্ট করে তুলছে। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর সংশ্লিষ্ট সবার।