- ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
রোববারের সুপার বোল হাফটাইম শোর আগে দারুণ চাপের মধ্যে আছেন পুয়ের্তো রিকান তারকা র্যাপার ব্যাড বান্নি । বিশ্বের অন্যতম বড় মঞ্চে পারফর্ম করার অপেক্ষায় থাকলেও নার্ভাসনেস লুকাতে পারছেন না তিনি। এক সংবাদ সম্মেলনে গায়ক নিজেই স্বীকার করেছেন, সুপার বোল নিয়ে ভাবতে ভাবতেই মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে তাঁর।
সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতে আসা ব্যাড বান্নি সুপার বোলের ইতিহাসে প্রথম শিল্পী, যিনি পুরো হাফটাইম শো জুড়ে স্প্যানিশ ভাষায় পারফর্ম করবেন। এই সিদ্ধান্ত ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
গত সেপ্টেম্বরেই তাঁর নির্বাচন নিয়ে আপত্তি তোলে ডানপন্থী কিছু গণমাধ্যম ও সংগঠন। কারণ হিসেবে তারা তুলে ধরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর অভিবাসন নীতির সমালোচনায় ব্যাড বান্নি–র অবস্থান। বিতর্কের মাত্রা এতটাই বেড়ে যায় যে, এক রক্ষণশীল সংগঠন হাফটাইমে বিকল্প অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও করে, যেখানে পারফর্ম করার কথা ছিল ট্রাম্পঘনিষ্ঠ সংগীতশিল্পী Kid Rock-এর।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটও মন্তব্য করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ব্যাড বান্নি–র চেয়ে Kid Rock-এর পারফরম্যান্সই বেশি পছন্দ করতেন। তবে এসব বিতর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ব্যাড বান্নি। সংবাদ সম্মেলনে তিনি বরং পারফরম্যান্সের ইতিবাচক দিকেই আলোকপাত করেন।
তিনি বলেন, “এই রোববার পৃথিবী আনন্দ করবে, মানুষ নাচবে, মজা করবে এই অনুভূতিটাই আমি ছড়িয়ে দিতে চাই।” তাঁর ইঙ্গিত, এই শো হবে বিভাজনের নয়, বরং ঐক্য ও নিরাময়ের বার্তা বহনকারী।
সংবাদ সম্মেলনে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো কড়া। সাংবাদিকদের একাধিকবার তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হয়। তবে মঞ্চে ব্যাড বান্নি ছিলেন স্বাভাবিক ও নিশ্চিন্ত ইংরেজি ও স্প্যানিশ মিলিয়ে প্রশ্নের উত্তর দেন, হালকা রসিকতাও করেন। বিশেষ অতিথি প্রসঙ্গে জানতে চাইলে হাসতে হাসতে তিনি বলেন, “এমন প্রশ্নের উত্তর আমি কখনোই দেব না।”
বিশ্বজুড়ে সুপার বোল হাফটাইম শোকে সংগীতের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি হিসেবে দেখা হয়। শুধু যুক্তরাষ্ট্রেই এই অনুষ্ঠান নিয়মিতভাবে ১০ কোটির বেশি দর্শক টানে। ব্যাড বান্নি জানান, বিশ্বভ্রমণের ফাঁকে মাত্র ১৩ মিনিটের এই শোর প্রস্তুতি নেওয়াটা তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
নিজের জীবনের সবচেয়ে বড় সপ্তাহ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে দাঁড়ানো আমাকে আবার মনে করিয়ে দিয়েছে নিজের পরিচয় নিয়ে গর্ব করতে হবে। নিজের শিকড়কে ভালোবাসতে হবে, তবে সেটাকে সীমাবদ্ধতা বানানো যাবে না।”
৩১ বছর বয়সী ব্যাড বান্নি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন। স্পটিফাইয়ে একাধিক বছর সবচেয়ে বেশি শোনা শিল্পী হওয়ার রেকর্ড, পুরোপুরি স্প্যানিশ ভাষায় তৈরি অ্যালবাম দিয়ে বিলবোর্ড চার্টের শীর্ষে ওঠা এবং সামাজিক–রাজনৈতিক বিষয়ে সরব অবস্থান সব মিলিয়ে তিনি শুধু সংগীতশিল্পী নন, একটি সাংস্কৃতিক প্রতীক।
সুপার বোলের মঞ্চে তাঁর উপস্থিতি যেমন সংগীতপ্রেমীদের উচ্ছ্বসিত করছে, তেমনি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বাস্তবতায় তা নতুন বিতর্কও তৈরি করেছে। তবে সব কিছুর ঊর্ধ্বে উঠে ব্যাড বান্নি যে ইতিহাস গড়তে চলেছেন, তা নিয়েই এখন সবার নজর।