- ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের পরিবার দীর্ঘদিন ধরে নানা বিতর্কের মুখে পড়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর খালা তেজস্বিনী কাপুর জানিয়েছে, পরিবারের জন্য সবচেয়ে মানসিকভাবে কঠিন সময় ছিল ২০২২ সালে, যখন শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর মাদক মামলায় গ্রেপ্তার হন।
তেজস্বিনী কোলহাপুরে সাক্ষাৎকারে বলেন, “ওই ঘটনার দিন বাড়ির বাইরে রাজনৈতিক দলের বিক্ষোভ চলছিল। ভেতরে শ্রদ্ধা ও সিদ্ধান্ত দুজনেই কান্নায় ভেঙে পড়েছিলেন। পুরো পরিস্থিতি আমাদের পরিবারের জন্য ভয়াবহ মানসিক অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। এটি দীর্ঘদিন ধরে আমাদের ওপর প্রভাব ফেলেছে।”
তেজস্বিনী আরও জানান, সেই সময় সিদ্ধান্ত কাপুরকে বেঙ্গালুরুতে একটি অভিজাত হোটেলে আয়োজিত রেভ পার্টিতে আটক করা হয়েছিল। অভিযোগ ছিল, তিনি সেখানে মাদক গ্রহণ করেছিলেন। তবে পরিবারের দাবি, তিনি তখন ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিলেন। পার্টিতে কেউ তাকে একটি পানীয় অফার করেছিলেন, এবং সেখান থেকেই বিষয়টি জটিল হয়ে ওঠে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি জামিনে মুক্তি পান।
সাক্ষাৎকারে তেজস্বিনী গণমাধ্যমের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “মিডিয়ায় বিষয়টি অতিরঞ্জিতভাবে প্রচার করা হয়েছে। এতে সিদ্ধান্তের ব্যক্তিগত ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা একজন ডিজে হিসেবে তার সুনাম ও কাজের সুযোগও সীমিত হয়েছে।”
তিনি উল্লেখ করেন, রাজনৈতিক বিক্ষোভ ও হঠাৎ বাড়ির সামনে শ্লোগান শুরু হওয়ায় শ্রদ্ধা ও সিদ্ধান্ত মানসিকভাবে ভেঙে পড়েন। এছাড়া মুম্বাই পুলিশের একটি বড় মাদকচক্রের তদন্তে সিদ্ধান্তকে হাজির হতে হয়, যদিও পরিবার বলছে, এতে তার কোনো সরাসরি সংশ্লিষ্টতা নেই।
সাক্ষাৎকারে তেজস্বিনী শ্রদ্ধার শৈশবের কথা স্মরণ করেন। তিনি জানান, ছোটবেলায় শ্রদ্ধার ডাকনাম ছিল ‘ললি’, এবং পরিবারে সবসময়ই তাকে বিশেষ আদরে বড় করা হয়েছে। শ্রদ্ধার বাবা শক্তি কাপুর তার অভিনয়জগতে আসার পথে কোনো বাঁধা দেননি, বরং তার স্বাধীন চিন্তাভাবনাকে সমর্থন করেছেন।