Thursday, February 5, 2026

হাবিপ্রবিতে ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ কাল


ফাইল ছবিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। দিনাজপুর

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির প্রথম ধাপের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম মেধাতালিকা তথা বিষয়ভিত্তিক ফলাফল আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে।

মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ জন্য সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করা হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ (যদি প্রাপ্ত থাকে) এবং মূল ট্রান্সক্রিপ্ট, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের মূল কপি, অনলাইন আবেদন ফরমের রঙিন প্রিন্ট কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি ল্যাব প্রিন্ট ছবি সঙ্গে আনতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত ৮ ও ৯ ফেব্রুয়ারির মধ্যে প্রথম মেধাতালিকায় নির্বাচিত কোনো শিক্ষার্থী ভর্তি না হলে তার আসন শূন্য হিসেবে গণ্য হবে। এসব শূন্য আসনের বিপরীতে পরবর্তী ধাপে নতুন মেধাতালিকা প্রকাশ করা হবে।

এদিকে, ৬ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদনকালে প্রাপ্ত Applicant ID ও Password ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইটে লগইন করতে হবে। ভর্তি ফি জমা দেওয়ার পর ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার পর থেকে অনলাইনে ভর্তি ফরম পূরণ করা যাবে।

অনলাইনে ফরম পূরণ শেষে শিক্ষার্থীদের ফরমটির রঙিন প্রিন্ট কপি ৯ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন না হলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।

ভর্তি ফি হিসেবে মেধাক্রম ও বিষয় পছন্দ অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর মাধ্যমে সার্ভিস চার্জসহ মোট ১৫ হাজার ৯০৫ টাকা জমা দিতে হবে। ভর্তি ফি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

তবে নগদ ব্যবহার করতে অনিচ্ছুক শিক্ষার্থীরা রূপালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত হিসাবে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন। এ ক্ষেত্রে ব্যাংকের রশিদ বিশ্ববিদ্যালয়ের আইটি সেলে যাচাই করাতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন