Tuesday, September 8, 2026

অবশেষে ভাঁজযোগ্য আইফোন আনছে অ্যাপল, সঙ্গে থাকছে নতুন চমক


ছবিঃ আই ফোন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভাঁজযোগ্য আইফোনের বাজারে পা রাখতে যাচ্ছে অ্যাপল। আগামী ৯ সেপ্টেম্বরের বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ফোল্ডেবল আইফোন উন্মোচন করতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে। স্যামসাং প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন বাজারে আনার পাঁচ বছরেরও বেশি সময় পর নতুন এই প্রযুক্তিতে প্রবেশ করছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

প্রতি বছর অ্যাপলের আইফোন উন্মোচন অনুষ্ঠান প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। তবে এবারের আয়োজনকে ঘিরে প্রত্যাশা তুলনামূলক বেশি। কারণ, নতুন আইফোনের পাশাপাশি প্রতিষ্ঠানটির পণ্য ও নেতৃত্ব কাঠামোতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। টিম কুক প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর প্রক্রিয়ায় রয়েছেন এবং তার জায়গায় হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট জন টার্নাসের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

প্রযুক্তি অঙ্গনে গুঞ্জন, অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোনটির নাম হতে পারে ‘আইফোন আল্ট্রা’। এর দাম ২ হাজার মার্কিন ডলারের বেশি হতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফলে এটি অ্যাপলের সবচেয়ে ব্যয়বহুল আইফোনগুলোর একটি হতে যাচ্ছে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে ভাঁজ অবস্থায় ৫.৫ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে। সেটি খুললে পর্দার আকার বেড়ে প্রায় ৭.৮ ইঞ্চি হবে। অর্থাৎ সম্পূর্ণ খোলা অবস্থায় ডিভাইসটি অনেকটা ছোট আকারের আইপ্যাডের মতো দেখাতে পারে। ভাঁজ করা অবস্থায় এটি প্রচলিত আইফোনের তুলনায় কিছুটা খাটো ও চওড়া হতে পারে।

ডিভাইসটি পাতলা ও সহজে বহনযোগ্য রাখতে ক্যামেরা বিভাগে কিছুটা ছাড় দিতে পারে অ্যাপল। গুঞ্জন অনুযায়ী, এতে টেলিফটো ক্যামেরা থাকবে না। এর পরিবর্তে মূল ক্যামেরা ও আলট্রা-ওয়াইড লেন্স নিয়ে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।

চার্জিং ও আনুষঙ্গিক ব্যবহারের জন্য অ্যাপলের ম্যাগসেফ প্রযুক্তি থাকার সম্ভাবনাও রয়েছে। তবে জায়গা বাঁচাতে এবার ফেস আইডি বাদ দিয়ে ফোনের পাশে টাচ আইডি-সমৃদ্ধ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

ফোল্ডেবল আইফোনে বড় পর্দার সুবিধা কাজে লাগিয়ে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের সুযোগ থাকতে পারে। খোলা অবস্থায় পর্দার দুই পাশে দুটি অ্যাপ পাশাপাশি চালানো যাবে বলে ধারণা করা হচ্ছে।

যদিও ডিভাইসটি খোলা অবস্থায় আইপ্যাডের মতো বড় পর্দা দেবে, এতে আইপ্যাডওএস নয়, আইওএস অপারেটিং সিস্টেমই থাকার কথা। শক্তিশালী নতুন প্রজন্মের চিপ ব্যবহারের কারণে বড় ডিসপ্লেতে আইওএস পরিচালনায় বড় ধরনের সমস্যা হওয়ার কথা নয় বলে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা।

ফোল্ডেবল ফোনের অন্যতম বড় সমস্যা ডিসপ্লের মাঝখানে দৃশ্যমান ভাঁজ বা ‘ক্রিজ’। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর অনেক ডিভাইসেই এই ভাঁজ খালি চোখে দেখা যায়। অ্যাপল এ জায়গায় কিছুটা এগিয়ে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। নতুন আইফোনের ডিসপ্লেতে ভাঁজের দাগ তুলনামূলক কম দৃশ্যমান হবে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

শুধু ফোল্ডেবল আইফোন নয়, এবারের আয়োজন থেকে আইফোন ১৮ সিরিজ নিয়েও ঘোষণা আসতে পারে। বিশেষ করে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স মডেল নিয়ে এরই মধ্যে বিভিন্ন তথ্য ও গুঞ্জন ছড়িয়েছে।

তবে সাধারণ আইফোন ১৮ মডেলটি সেপ্টেম্বরে না এসে প্রায় ছয় মাস পর বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনটি হলে অ্যাপলের প্রচলিত আইফোন উন্মোচন কৌশলে বড় ধরনের পরিবর্তন আসবে প্রথমবারের মতো সাধারণ মডেলের আগে প্রিমিয়াম সংস্করণ বাজারে আসতে পারে।

আইফোনের পাশাপাশি অ্যাপলের স্মার্ট হোম পণ্য নিয়েও নতুন ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি আপডেটের সঙ্গে হোমপডের নতুন সংস্করণ বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি ম্যাকওএসের একটি প্রিভিউ সংস্করণ বিশ্লেষণ করে অ্যাপলের অপ্রকাশিত কয়েকটি পণ্যের ইঙ্গিত পাওয়ার দাবি করেছেন প্রযুক্তি গবেষকেরা। সেখানে নতুন হোমপডের পাশাপাশি ক্যামেরাযুক্ত এয়ারপডের সম্ভাব্য অস্তিত্বও সামনে এসেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এয়ারপডে ছোট ক্যামেরা যুক্ত করে সেটিকে সিরির ‘চোখ’ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে অ্যাপল। অর্থাৎ ক্যামেরাটি ছবি বা ভিডিও ধারণের জন্য নয়; বরং ব্যবহারকারী কী দেখছেন, সে সম্পর্কে সীমিত ভিজ্যুয়াল তথ্য সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীকে সহায়তা করবে।

এ ধরনের প্রযুক্তি ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে পারে। বিশেষ করে ক্যামেরাযুক্ত পরিধানযোগ্য ডিভাইস নিয়ে বিশ্বজুড়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন অ্যাপল কীভাবে এ প্রযুক্তি বাস্তবায়ন করে এবং ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় কী ব্যবস্থা নেয়, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে, দীর্ঘ অপেক্ষার পর ফোল্ডেবল আইফোনের সম্ভাব্য আত্মপ্রকাশ এবং নতুন আইফোন, হোমপড ও এয়ারপড ঘিরে নানা গুঞ্জনে এবারের অ্যাপল ইভেন্ট প্রযুক্তি বিশ্বের অন্যতম আলোচিত আয়োজন হতে যাচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন