Tuesday, September 8, 2026

এসএলএনজি-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের, সাশ্রয়ের হিসাব ১১০ কোটি ডলার


ছবিঃ জাহাজ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

সামিট এলএনজি টার্মিনাল-২ (এসএলএনজি-২) প্রকল্পের বিল্ড, ওন, অপারেট ও ট্রান্সফার (বিওটি) চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সামিট। প্রতিষ্ঠানটির দাবি, আগের চুক্তি পুনর্বহাল করে প্রকল্পটি বাস্তবায়ন করা হলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের প্রায় ১১০ কোটি মার্কিন ডলার সাশ্রয় হতে পারে। একই সঙ্গে এতে দেশের জ্বালানি নিরাপত্তাও আরও শক্তিশালী হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) পেট্রোবাংলার কাছে দেওয়া এক চিঠিতে এ আহ্বান জানায় সামিট। চিঠির বিষয়টি নিশ্চিত করে পেট্রোবাংলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে এসব তথ্য জানিয়েছেন।

সামিটের হিসাব অনুযায়ী, বিওটি কাঠামোয় এসএলএনজি-২ বাস্তবায়িত হলে প্রকল্পের ১৫ বছর পর কোনো অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ), মুরিং ব্যবস্থা ও সাবসি পাইপলাইনের মালিকানা পেট্রোবাংলার হাতে চলে আসবে।

অন্যদিকে, বর্তমানে যে বিল্ড-ওন-অপারেট (বিওও) কাঠামো বিবেচনায় রয়েছে, সেখানে এসব অবকাঠামোর মালিকানা পেট্রোবাংলা পাবে না। সামিটের দাবি, এ কারণে দীর্ঘমেয়াদে বাংলাদেশের প্রায় ৮৮ কোটি ৩০ লাখ ডলারের আর্থিক ক্ষতি হতে পারে।

এফএসআরইউ ভাড়ার ক্ষেত্রেও দুই কাঠামোর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছে সামিট। প্রতিষ্ঠানটির হিসাবে, বিওও ভিত্তিতে প্রস্তাবিত তৃতীয় এফএসআরইউর দৈনিক চার্টার বা ভাড়া হতে পারে ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার। বিপরীতে এসএলএনজি-২ প্রকল্পে নির্ধারিত ভাড়া ছিল দৈনিক ৩ লাখ ডলার।

সামিটের হিসাবে, শুধু এফএসআরইউ ভাড়ার ক্ষেত্রেই ১৫ বছরে প্রায় ২৩ কোটি ডলার সাশ্রয় হতে পারে।

প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে বলেও জানিয়েছে সামিট। প্রতিষ্ঠানটির দাবি, এখন পর্যন্ত প্রকল্পটিতে প্রায় ২ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। প্রয়োজনীয় জরিপ শেষ করার পাশাপাশি প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জামও সংগ্রহ করা হয়েছে।

এ অবস্থায় দ্রুত এফএসআরইউ-সংক্রান্ত চুক্তি পুনর্বহাল করে এসএলএনজি-২ প্রকল্পটি এগিয়ে নেওয়ার অনুমতি দিতে পেট্রোবাংলার প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। সামিটের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে অর্থনৈতিক সুবিধার পাশাপাশি দেশের এলএনজি সরবরাহব্যবস্থায় বৈচিত্র্য আসবে।

চিঠিতে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের সঙ্গে পেট্রোবাংলার এলএনজি সরবরাহ চুক্তিকেও প্রকল্পটির অন্যতম সুবিধা হিসেবে তুলে ধরা হয়েছে। সামিটের দাবি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মোজাম্বিক ও কানাডাসহ বিভিন্ন দেশ থেকে বছরে ১৫ লাখ টন এলএনজি সরবরাহের ব্যবস্থা রয়েছে তাদের।

প্রতিষ্ঠানটির ভাষ্য, একাধিক দেশ থেকে এলএনজি সংগ্রহের সুযোগ থাকায় শুধু মধ্যপ্রাচ্যনির্ভর সরবরাহব্যবস্থার ওপর নির্ভরতা কমবে। এতে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট বা ভূরাজনৈতিক কারণে সম্ভাব্য বিঘ্নের ঝুঁকিও কিছুটা কমানো সম্ভব হবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে পেট্রোবাংলা এসএলএনজি-২-এর সঙ্গে করা টার্মিনাল ইউজ এগ্রিমেন্ট (টিইউএ) এবং ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট (আইএ) বাতিল করে।

পরিকল্পনা অনুযায়ী, সামিট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসএলএনজি-২-এর মাধ্যমে বার্ষিক ৪৫ লাখ টন সক্ষমতার একটি এফএসআরইউ নির্মাণের কথা ছিল। বিওটি মডেলের এই প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে নির্মাণ শেষ করে পরবর্তী ১৫ বছর পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল।

চুক্তি অনুযায়ী, টার্মিনালটির ধারণক্ষমতা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭০ হাজার ঘনমিটার। প্রতিদিন প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা নিয়ে এটি বাংলাদেশে তৃতীয় এফএসআরইউ হিসেবে যুক্ত হওয়ার কথা ছিল।

বর্তমানে বাংলাদেশে সামিটের মালিকানাধীন একটি এফএসআরইউ রয়েছে। মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি লিমিটেডের এ টার্মিনালের বার্ষিক সক্ষমতা ৩৭ লাখ ৫০ হাজার টন। ২০১৯ সালের ৩০ এপ্রিল এটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। বিদ্যমান চুক্তি অনুযায়ী, ২০৩৩ সাল পর্যন্ত টার্মিনালটির কার্যক্রম চালু থাকার কথা।

এ ছাড়া বাংলাদেশে যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেডের মালিকানাধীন আরেকটি এফএসআরইউ রয়েছে। ২০১৮ সালের ১৯ আগস্ট ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। শুরুতে এটির এলএনজি রিগ্যাসিফিকেশন সক্ষমতা ছিল বছরে ৩৭ লাখ ৫০ হাজার টন।

পরে ২০২৪ সালের জানুয়ারিতে সংস্কারকাজ শেষ হওয়ার পর এক্সিলারেট এনার্জির এফএসআরইউটির সক্ষমতা বাড়িয়ে বছরে ৪৫ লাখ টনে উন্নীত করা হয়।

এসএলএনজি-২ প্রকল্পের চুক্তি পুনর্বহাল নিয়ে সামিটের নতুন আহ্বানের পর এখন প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে পেট্রোবাংলা ও সরকারের সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন