Saturday, August 22, 2026

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনে প্রথম ২৪ ঘণ্টাতেই ৩ হাজারের বেশি আবেদন


প্রতীকী ছবিঃ মাউশির লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলি আবেদনে ব্যাপক সাড়া পড়েছে। অনলাইনে আবেদন শুরুর প্রথম ২৪ ঘণ্টাতেই তিন হাজারের বেশি শিক্ষক বদলির জন্য আবেদন করেছেন। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টায় আবেদন প্রক্রিয়া শুরু হয়। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত আবেদনকারীর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।

টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি বিভাগের সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা জানান, আবেদন শুরুর পরপরই বিপুলসংখ্যক শিক্ষক অনলাইনে আবেদন করতে শুরু করেন। শুরুতে ওয়েবসাইটে কিছু কারিগরি সমস্যা দেখা দিলেও পরে তা সমাধান করা হয়েছে। বর্তমানে শিক্ষকরা স্বাভাবিকভাবেই আবেদন করতে পারছেন।

আগামী ২৭ আগস্ট পর্যন্ত যোগ্য শিক্ষকরা অনলাইনে বদলির আবেদন করার সুযোগ পাবেন।

বদলি আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলে শিক্ষকদের সামনে সাতটি শর্ত ও নির্দেশনা দেওয়া হচ্ছে। এসব শর্ত পূরণ করলেই নির্দিষ্ট ক্যাটাগরিতে আবেদন করা যাবে।

নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।

‘নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে নিজ জেলায় তিনটি বা তার বেশি প্রতিষ্ঠানে শূন্য পদ থাকা যাবে না। নিজ জেলায় তিন বা তার বেশি পদ খালি থাকলে ওই ক্যাটাগরিতে বিভাগীয় বদলির আবেদন করা যাবে না।

অন্যদিকে ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে শিক্ষকের বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হওয়া চলবে না।

স্বামী বা স্ত্রীর কর্মস্থলের ভিত্তিতে বদলির আবেদন করতে চাইলেও নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। ‘স্পাউসের কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে শিক্ষকের বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হওয়া যাবে না।

একইভাবে ‘স্পাউসের নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে বর্তমান কর্মস্থল ও স্বামী বা স্ত্রীর নিজ জেলা একই হওয়া চলবে না।

এ ছাড়া বদলির আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থলে চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হওয়া বাধ্যতামূলক। দুই বছর পূর্ণ না হলে সংশ্লিষ্ট শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন না।

বদলির জন্য অযোগ্য বা নীতিমালা অনুযায়ী যেসব শিক্ষক বদলিযোগ্য নন, তারাও আবেদন করার সুযোগ পাবেন না।

সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকরা আবেদন করতে পারবেন।

আবেদন করার আগে নিজের ব্যক্তিগত তথ্য, কর্মস্থল এবং বদলির যোগ্যতা ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে আবেদন করার সুযোগ স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে না।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন