- ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
চীনা নববর্ষে ‘ঘোড়ার বছর’ শুরুর প্রাক্কালে এক অপ্রত্যাশিত চরিত্র উঠে এসেছে সৌভাগ্যের প্রতীক হিসেবে—হ্যারি পটার সিরিজের আলোচিত ভিলেন ড্রাকো ম্যালফয়। জে.কে. রাউলিংয়ের জনপ্রিয় বই ও চলচ্চিত্রের এই চরিত্রকে ঘিরে চীনের বিভিন্ন শহরে দেখা যাচ্ছে উৎসবমুখর সাজসজ্জা।
ড্রাকো ম্যালফয়ের নামের চীনা উচ্চারণ থেকেই এসেছে এই অভিনব ব্যাখ্যা। মান্দারিন ভাষায় ‘ম্যালফয়’ উচ্চারিত হয় ‘মা আর ফু’ হিসেবে। এখানে ‘মা’ শব্দের অর্থ ঘোড়া এবং ‘ফু’ শব্দটি সৌভাগ্য বা শুভকামনার প্রতীক। ফলে নামটি একসঙ্গে উচ্চারণ করলে দাঁড়ায়—ঘোড়ার মাধ্যমে সৌভাগ্য আগমন।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, নববর্ষ উপলক্ষে ঘরে ঘরে টানানো হচ্ছে লাল রঙের শুভেচ্ছাপত্র বা ‘চুনলিয়ান’। এসব ঐতিহ্যবাহী শুভকামনার পোস্টারের সঙ্গে এবার যুক্ত হয়েছে হগওয়ার্টসের স্বর্ণকেশী খলনায়ক ড্রাকো ম্যালফয়ের ছবি।
মধ্য চীনের হেনান প্রদেশের একটি শপিং মলে বসানো হয়েছে বিশাল ইলেকট্রনিক ব্যানার, যেখানে চীনা নববর্ষের শুভেচ্ছাবাক্যের মাঝখানে দেখা যাচ্ছে ড্রাকো ম্যালফয়ের মুখ। আবার জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম শাওহংশুতে একজন ব্যবহারকারী সহকর্মীদের জন্য ম্যালফয়-ছাপা লাল কাগজের শুভেচ্ছা উপহার দিচ্ছেন—যা বেশ আলোচনার জন্ম দিয়েছে।
আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ঘোড়ার বছর, বিদায় নিচ্ছে সাপের বছর। বিষয়টি আরও কৌতূহলোদ্দীপক, কারণ হ্যারি পটার গল্পে ড্রাকো ম্যালফয় ছিল স্লিথারিন হাউসের সদস্য, যার প্রতীকও একটি সাপ।
চীনে হ্যারি পটার সিরিজের জনপ্রিয়তা নতুন কিছু নয়। শেষ বই প্রকাশের আগেই চীনে প্রায় এক কোটি অনূদিত কপি বিক্রি হয়েছিল। ২০২০ সালে প্রথম হ্যারি পটার সিনেমার রিমাস্টার্ড সংস্করণ চীনের প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়ে বিপুল সাড়া ফেলে।
ড্রাকো চরিত্রে অভিনয় করা অভিনেতা টম ফেলটনও এই অদ্ভুত সাংস্কৃতিক মিলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন, যেখানে চীনের একটি শপিং মলে ঝুলতে থাকা ড্রাকো ম্যালফয়ের বিশাল ব্যানার দেখা যায়।
চীনের টিকটকের সংস্করণ দৌইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একজন ব্যক্তি নিজের ফ্রিজে ড্রাকো ম্যালফয়ের মুখযুক্ত শুভেচ্ছাপত্র লাগাচ্ছেন। ভিডিওটি অল্প সময়েই হাজার হাজার লাইক পেয়েছে।
এই জনপ্রিয়তাকে পুঁজি করে অনলাইন মার্কেটপ্লেসগুলোতেও বিক্রি হচ্ছে ড্রাকো ম্যালফয়-থিমের নববর্ষের পোস্টার। এক ক্রেতা মন্তব্য করেছেন, “সৌভাগ্য এসে গেছে।”