Friday, February 6, 2026

এক যুগ পর ফারাহ খানের পরিচালনায় ফিরতে পারেন শাহরুখ খান, আলোচনায় ‘ম্যায় হু না’ সিক্যুয়েল


ছবিঃ ফারাহ খানের সঙ্গে শাহরুখ খান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

চলতি বছরের শেষ দিকে মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’ নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। তবে ছবিটি মুক্তির আগেই বলিউডে শুরু হয়ে গেছে তার পরবর্তী প্রকল্প নিয়ে জোর আলোচনা। সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, দীর্ঘ এক যুগ পর আবারও পরিচালক ফারাহ খানের সঙ্গে কাজ করতে পারেন বলিউড বাদশাহ।

ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, শাহরুখ ও ফারাহ খানের সম্ভাব্য পরবর্তী সিনেমা হতে পারে জনপ্রিয় ছবি ‘ম্যায় হু না’-এর সিক্যুয়েল। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি দেশাত্মবোধ, অ্যাকশন, আবেগ ও কমেডির সংমিশ্রণে দর্শকমহলে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। প্রায় দুই দশক পর সেই গল্পকে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে।

শাহরুখ খান ও ফারাহ খানের জুটি এর আগেও একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছে। ‘ম্যায় হু না’র পর ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ এবং ২০১৪ সালের ‘হ্যাপি নিউ ইয়ার’ দুটিই বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। সেই ধারাবাহিকতাতেই এবার আবার একসঙ্গে কাজের সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্রের দাবি, প্রস্তাবিত ‘ম্যায় হু না ২’ ছবিতে শাহরুখ খানকে দেখা যেতে পারে দ্বৈত চরিত্রে। দুটি ভিন্নধর্মী ভূমিকায় অভিনয়ের ধারণাটি নাকি অভিনেতার বেশ পছন্দ হয়েছে। এতে গল্পে বাড়বে নাটকীয়তা ও বিনোদনের মাত্রা। ছবিটি মূল গল্পের আবহ বজায় রেখে আধুনিক প্রেক্ষাপটে নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে থাকবে দেশাত্মবোধের ছোঁয়া, অ্যাকশন এবং হালকা হাস্যরস।

আরও জানা গেছে, ছবির গল্পের প্রাথমিক ভাবনা এসেছে স্বয়ং শাহরুখ খানের কাছ থেকেই। সেই ধারণাকে পূর্ণাঙ্গ চিত্রনাট্যে রূপ দিচ্ছেন আকাশ কৌশিক। পাশাপাশি মূল ছবির কয়েকজন পরিচিত চরিত্রকেও ফেরানোর চেষ্টা চলছে।

তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শাহরুখ খানের ব্যস্ত শুটিং সূচির কারণে সময় নির্ধারণ নিয়ে আলোচনা চলমান রয়েছে। জানা গেছে, ২০২৬ সালের মে মাসে ‘কিং’ ছবির কাজ শেষ করার পর তিনি ‘ম্যায় হু না ২’-এর পূর্ণাঙ্গ কাহিনি শুনবেন এবং তখনই প্রকল্পটি নিয়ে সিদ্ধান্ত নেবেন। এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

উল্লেখ্য, ‘ম্যায় হু না’ ছবিটি পরিচালনা করেছিলেন ফারাহ খান এবং প্রযোজনা করেছিলেন গৌরী খান ও রতন জৈন। এতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছিলেন সুশমিতা সেন, সুনীল শেঠি, অমৃতা রাও ও জায়েদ খান। ছবিটির কাহিনিতে একজন সেনা কর্মকর্তাকে গোপন মিশনে কলেজছাত্রের ছদ্মবেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে দেখা যায়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন