Friday, February 6, 2026

কুবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, তিন ইউনিটে শীর্ষে তিন শিক্ষার্থী


ছবিঃ আব্দুল্লাহ আল আরাফাত, মো. মারুফ হাসান ও মো. রিয়াদ হোসাইন ভূঁইয়া (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কমিটি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে।

প্রকাশিত ফল অনুযায়ী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীন ‘এ’ ইউনিটে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান দখল করেছেন আব্দুল্লাহ আল আরাফাত। তিনি পেয়েছেন ৮৫ দশমিক ২৫ নম্বর। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের অন্তর্ভুক্ত ‘বি’ ইউনিটে সর্বোচ্চ ৮৬ দশমিক ২৫ নম্বর নিয়ে প্রথম হয়েছেন মো. মারুফ হাসান। আর বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটে সর্বোচ্চ ৮৮ নম্বর অর্জন করে শীর্ষস্থান লাভ করেছেন মো. রিয়াদ হোসাইন ভূঁইয়া।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, এ বছর ‘এ’ ইউনিটে মোট ৪৬ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ২০৩ জন, যা মোট আবেদনকারীর ৫৫ দশমিক ০৮ শতাংশ।

‘বি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৬১৪ জন। এদের মধ্যে ১৬ হাজার ৯৮ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই ইউনিটে পাসের হার দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৭৬ শতাংশ।

সবচেয়ে বেশি পাসের হার দেখা গেছে ‘সি’ ইউনিটে। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত এই ইউনিটে ১২ হাজার ৮৩০ জন আবেদনকারীর মধ্যে ৬ হাজার ৬৪৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। এ ইউনিটে পাসের হার ৬৪ দশমিক ৩৩ শতাংশ।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে বিষয় পছন্দ (সাবজেক্ট চয়েজ) পূরণ করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গত ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট এবং ৩১ জানুয়ারি ‘বি’ ও ‘সি’ ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন