- ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ১৫ জন কর্মচারীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ এবং তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পদের তদন্ত শুরুর জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কাছে অনুরোধ জানিয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিপিএর সচিব সৈয়দ রেফায়েত হামিমের স্বাক্ষরিত গোপনীয় ও জরুরি একটি চিঠির মাধ্যমে এ অনুরোধ জানানো হয় বলে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে আন্দোলনের নামে বন্দর কার্যক্রম ব্যাহত করার অভিযোগে সংশ্লিষ্ট ১৫ কর্মচারীকে গত ২ ফেব্রুয়ারি মোংলা ও পায়রা বন্দরে প্রেষণে বদলি করা হয়েছে। গত এক সপ্তাহে তাঁদের একাধিকবার বিভিন্ন বন্দরে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই কর্মচারীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা কার্যকর করার উদ্যোগ নিতে বলা হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তাঁদের সম্পদের উৎস ও পরিমাণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
চিঠিটি নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, দুদক চেয়ারম্যান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে এ বিষয়ে সিপিএ সচিব সৈয়দ রেফায়েত হামিমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পাঠানো ক্ষুদে বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি।
চিঠিতে যাঁদের নাম উল্লেখ রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মো. ফরিদুর রহমান, মোহাম্মদ শফি উদ্দিন, রশিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মো. জহিরুল ইসলাম, খন্দকার মাসুদুজ্জামান, মো. হুমায়ুন কবির, মো. শাকিল রায়হান, মানিক মিঝি, মো. শামসু মিয়া, মো. লিয়াকত আলী, আমিনুর রসুল বুলবুল ও মো. রব্বানী। তাঁরা বন্দর ট্রাফিক, মেরিন, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, পরিকল্পনা ও প্রশাসনসহ বিভিন্ন বিভাগে কর্মরত।
এর আগে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দুই সমন্বয়কারী অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের অডিট সহকারী মো. হুমায়ুন কবির এবং মেরিন বিভাগের প্রথম শ্রেণির ইঞ্জিনচালক মো. ইব্রাহিম খোকন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত রাখার ঘোষণা দেন।
এ বিষয়ে ইব্রাহিম খোকন জানান, তিনি চিঠির বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি বলেন, এ নিয়ে শুক্রবার সকালে সংগ্রাম পরিষদের নেতারা বৈঠকে বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।