- ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কাতালান ক্লাব বার্সেলোনার ইতিহাস মানেই আভিজাত্য, ঐতিহ্য আর ফুটবলীয় নান্দনিকতার গল্প। সেই ইতিহাসে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনার নাম স্বর্ণাক্ষরে লেখা। ক্যাম্প ন্যুতে তার অধ্যায় ছিল সংক্ষিপ্ত, তবে প্রভাব ছিল গভীর ও দীর্ঘস্থায়ী। এবার সেই কিংবদন্তিকেই ছুঁয়ে, এমনকি ছাড়িয়ে যাওয়ার কীর্তি গড়লেন বার্সেলোনার ১৮ বছর বয়সী স্প্যানিশ বিস্ময় লামিনে ইয়ামাল।
কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে আলবাসেতের বিপক্ষে করা একমাত্র গোলটি ইয়ামালের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। ওই গোলের মাধ্যমে বার্সেলোনার জার্সিতে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৯-এ। এর ফলে ক্লাবটির হয়ে ম্যারাডোনার করা ৩৮ গোলের রেকর্ডকে পেছনে ফেলেছেন তরুণ এই ফরোয়ার্ড।
তবে পরিসংখ্যানের ভেতরেই লুকিয়ে আছে ভিন্ন বাস্তবতা। ইয়ামাল এই ৩৯ গোল করতে খেলেছেন ১৩৫টি ম্যাচ, যেখানে ম্যারাডোনা বার্সেলোনার হয়ে মাত্র ৫৮ ম্যাচেই করেছিলেন ৩৮ গোল। গোলসংখ্যায় ইয়ামাল এগিয়ে গেলেও, ম্যাচপ্রতি প্রভাব ও দক্ষতার দিক থেকে ম্যারাডোনার নাম এখনও আলাদা গুরুত্ব বহন করে।
বর্তমানে লা লিগার শীর্ষস্থান দখলের লড়াইয়ে রয়েছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকতে দলটি যেমন নিজেদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায়, তেমনি প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর দিকেও তাকিয়ে আছে। এই গুরুত্বপূর্ণ সময়ে ইয়ামালের ধারাবাহিক পারফরম্যান্স দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।
ফুটবল ইতিহাসে দিয়েগো ম্যারাডোনার নাম কখনোই ম্লান হবে না এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে সময়ের স্রোতে ইতিহাস এগিয়ে চলে, আর প্রতিটি প্রজন্ম খুঁজে নেয় তাদের নিজস্ব নায়ক। সেই নতুন অধ্যায়ের পথে দৃঢ় পায়ে হাঁটছেন লামিনে ইয়ামাল। ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে, তা সময়ই বলে দেবে তবে ইঙ্গিতটা ইতোমধ্যেই স্পষ্ট।