Sunday, April 19, 2026

১২ই ফেব্রুয়ারির নির্বাচন শেষে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট থেকে সরে আসবে পাকিস্তানঃ চেতন শর্মা


ছবিঃ পাকিস্তান ক্রিকেট টিম ও ভারত ক্রিকেট টিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরই টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের অবস্থান থেকে পাকিস্তান সরে আসবে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার চেতন শর্মা। তার দাবি, খুব শিগগিরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বিষয়ে ‘ইউ টার্ন’ নেবে।

একটি বিশ্বকাপসংক্রান্ত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে চেতন শর্মা বলেন, পাকিস্তানের বর্তমান অবস্থান মূলত রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। তিনি মনে করেন, নির্বাচন শেষ হওয়ার পর পাকিস্তান নতুন করে অবস্থান বদলাবে এবং ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সম্মতি দেবে।

চেতন শর্মা বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের এ বিষয়ে কোনো দায় নেই। এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। তার ভাষায়, “নির্বাচন শেষ হলে বলা হবে জনমতকে সম্মান জানিয়ে ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত, আর সে কারণেই পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে।”

তিনি আরও বলেন, এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ম্যাচ বয়কটের বিষয়ে কিছু জানায়নি। আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ ধরনের বক্তব্যের বাস্তব কোনো মূল্য নেই বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এ ধরনের টানাপোড়েনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ক্রিকেট ও ক্রিকেটাররাই।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত আশঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ বিশ্বকাপে ভারতে ম্যাচ না খেলার অনুরোধ করেছিল। তবে আইসিসি সেই অনুরোধ গ্রহণ না করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ভারতের সাবেক এই পেসার তার বক্তব্যে আরও ইঙ্গিত দেন, নির্বাচনের পর পাকিস্তানের শীর্ষ মহল থেকেও খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার আহ্বান আসতে পারে।

চেতন শর্মা ভারতের হয়ে ২৩টি টেস্ট ও ৬৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি রাজনীতিতে সক্রিয় হন। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়ে দলটির ক্রীড়া সেলের দায়িত্বও পালন করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL