Friday, February 6, 2026

ভালো শাসনের জন্য ভালো নেতা ও নীতির প্রয়োজন: ইসলামী আন্দোলনের আমির


ছবিঃ নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, একটি কার্যকর ও শান্তিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে শুধু ভালো নেতৃত্ব নয়, সঠিক ও ন্যায়ভিত্তিক নীতিরও প্রয়োজন। অতীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তাদের নেতৃত্ব ও নীতির ঘাটতির কারণেই দেশে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশালের গৌরনদী পৌর এলাকার বালুর মাঠে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ওই আসনে দলীয় প্রার্থী মেহেদী হাসান সরদার।

সমাবেশে রেজাউল করীম বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে দেশ যে শাসনব্যবস্থার মধ্য দিয়ে গেছে, তা সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, দুর্নীতির কারণে বাংলাদেশ একাধিকবার আন্তর্জাতিকভাবে নেতিবাচকভাবে পরিচিত হয়েছে। সেই সঙ্গে রাজনৈতিক সহিংসতা, মিথ্যা মামলা ও অর্থপাচারের ফলে সাধারণ মানুষের জীবন ও জীবিকা বিপর্যস্ত হয়েছে।

তিনি আরও বলেন, দেশের কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার হয়েছে, অথচ দেশের ভেতরে মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। এ পরিস্থিতি থেকে উত্তরণে সৎ নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক নীতির বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

সব ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, মুসলমান, হিন্দু কিংবা অন্য যে কোনো ধর্মাবলম্বী সবাই যদি নিরাপদ ও সম্মানজনক জীবন চান, তবে তাদের উচিত নৈতিক নেতৃত্বকে সমর্থন করা। ইসলামী আন্দোলন সেই নেতৃত্ব ও নীতির বাস্তবায়ন করতে চায় বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতার সময়ে যখন লুটপাট ও সহিংসতা হয়েছে, তখন ইসলামী আন্দোলনের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষায় ভূমিকা রেখেছেন। এ অভিজ্ঞতার আলোকে তিনি আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়, যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার, নিরাপত্তা ও সুযোগ পাবে। দুর্নীতি ও অবিচারমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জনগণের সমর্থন কামনা করেন তিনি।

সমাবেশে বরিশাল-১ আসনের প্রার্থী মেহেদী হাসান সরদার বলেন, হাতপাখা প্রতীকে নির্বাচিত হলে তিনি এই আসনকে ন্যায়, নিরাপত্তা ও মানবিক উন্নয়নের উদাহরণ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। দুর্নীতি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন থাকার অঙ্গীকারও করেন তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন