Wednesday, February 4, 2026

আজ থেকে বাজারে আসছে নতুন ডিজাইনের ১০ টাকার নোট


প্রতীকী ছবিঃ ১০ টাকার নতুন নোট বাজারে আসছে আজ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দেশে নতুন নকশা ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচলনে আসছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে এই নোট ইস্যু করা হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা’ শীর্ষক নতুন সিরিজের নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিরিজে ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট অন্তর্ভুক্ত রয়েছে। এরই মধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে।

এর ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান হাবিব মনসুরের স্বাক্ষরিত নতুন ডিজাইনের ১০ টাকার নোট প্রথমবারের মতো আজ থেকে প্রচলনে দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে এবং পরে অন্যান্য অফিস থেকেও সরবরাহ করা হবে।

নতুন ১০ টাকার নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মিলিমিটার দৈর্ঘ্য ও ৬০ মিলিমিটার প্রস্থ। নোটের সম্মুখভাগের বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি রয়েছে। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার চিত্র স্থান পেয়েছে। নোটের পেছনভাগে মুদ্রিত আছে ‘গ্রাফিতি–২০২৪’-এর ছবি। পুরো নোটে গোলাপি রঙের প্রাধান্য দেখা যায়।

নিরাপত্তা বৈশিষ্ট্যের অংশ হিসেবে নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগার’-এর মুখ, এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপে ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম সংযোজন করা হয়েছে। সম্মুখভাগের বাম পাশে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতায় ‘৳১০ দশ টাকা’ লেখা রয়েছে, যা আলোতে ধরলে স্পষ্টভাবে দেখা যায়। নোট নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রঙ লাল থেকে সবুজে পরিবর্তিত হয়।

এ ছাড়া গভর্নরের স্বাক্ষরের ডান পাশে সি-থ্রু ইমেজ হিসেবে একটি বিশেষ প্যাটার্ন রয়েছে, যা আলোতে ধরলে ‘১০’ লেখা দৃশ্যমান হয়। মাইক্রোপ্রিন্ট হিসেবে ‘BANGLADESH BANK’ লেখা সংযোজন করা হয়েছে নোটের সম্মুখ ও পেছনভাগে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের ১০ টাকার নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজের নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার একটি নমুনা নোটও ছাপা হয়েছে, যা বিনিময়যোগ্য নয় এবং নির্ধারিত মূল্যে মিরপুরের টাকা জাদুঘর বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন