- ৩১ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জনগণের সমর্থন নিয়ে সাত দফা দাবি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সরকার আগামী ৯ তারিখের আগে গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা না দিলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা, খুলনা ও কুষ্টিয়ায় লংমার্চে যাওয়ার পথে শরীয়তপুরের নাওডোবা পদ্মা সেতু এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “জনগণ আমাদের সঙ্গে থাকলে সাত দফা বাস্তবায়ন করে ছাড়ব। আমরা সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব। যে জাতি স্বাধীনতার জন্য বুকে গুলি নেয়, সে জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।”
১১ দলীয় ঐক্যের আয়োজনে এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।
লংমার্চে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পাশাপাশি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও নেতৃত্ব দিচ্ছেন।
পথসভায় জামায়াত আমির বলেন, সাত দফার মূল দাবি গণভোটের রায় বাস্তবায়ন। এ দাবি বাস্তবায়িত না হওয়ায় বাকি ছয়টি দাবি সামনে এসেছে। তাঁর অভিযোগ, বিএনপি জাতির গণরায়কে উপহাস করছে এবং জনগণের সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করছে। সরকার জনগণের ওপর স্বৈরশাসন চালিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় খেলাফত মজলিসের সভাপতি মামুনুল হক বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। অন্যথায় জনগণ সরকারকে চূড়ান্তভাবে লাল কার্ড দেখাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
জেলা আমির আবদুর রব হাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।