Saturday, October 31, 2026

জামায়াতকে গোপালগঞ্জে পথসভা করার চ্যালেঞ্জ রাশেদ খানের


ফাইল ছবিঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জামায়াতে ইসলামীকে গোপালগঞ্জে পথসভা করে নিজেদের নৈতিক অবস্থান প্রমাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, আওয়ামী লীগের ভয়ে জামায়াত গোপালগঞ্জে পথসভা করতে চাচ্ছে না। এ ধরনের অবস্থান গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন রাশেদ খান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ঢাকা থেকে লংমার্চ নিয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জ হয়ে খুলনায় প্রবেশ করবে। এরপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে তাদের কর্মসূচি শেষ হবে। তবে গোপালগঞ্জে কোনো পথসভা করার পরিকল্পনা নেই দলটির।

জামায়াতের এ অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের ভয়ে গোপালগঞ্জে পথসভা না করার বিষয়টি গ্রহণযোগ্য হতে পারে না। দলটির নেতাদের সেখানে পথসভা করে নিজেদের নৈতিকতার পরীক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে ভারতের সঙ্গে যোগাযোগ ও সমঝোতার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

রাশেদ খান বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে ভারতকে তোষণ করত। এখন জামায়াতও একই পথে হাঁটছে বলে তাঁর অভিযোগ। দলটির শীর্ষ নেতারা ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন বলেও দাবি করেন তিনি।

এ ধরনের বৈঠকের অভিযোগ অস্বীকার করলে জামায়াতকে তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানান রাশেদ খান। তিনি বলেন, “আপনারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, আবার রাতে তাদের গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেন। এটা কখনোই আধিপত্যবিরোধী রাজনীতি হতে পারে না।”

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের ফলাফল নিয়েও জামায়াতে ইসলামীকে কটাক্ষ করেন রাশেদ খান। তাঁর ভাষ্য, ওই নির্বাচনের মধ্য দিয়ে বোঝা গেছে, মানুষ এখন জামায়াতের ‘জান্নাতের টিকিট’ দেওয়ার বিষয়টি সম্পর্কে সচেতন হয়েছে।

তিনি দাবি করেন, ঠাকুরগাঁওয়ের মানুষ দলটির বিভ্রান্তিকর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন