Friday, October 30, 2026

সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকা থেকে কুষ্টিয়ায় ৪১০ কিমি লংমার্চ


ছবিঃ সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও রাজনৈতিক সংঘাত বেড়ে চলেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, সরকারি দলের অভ্যন্তরীণ বিরোধের জেরেও হত্যাকাণ্ড ঘটছে। সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার জানান, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে ৪১০ কিলোমিটার দীর্ঘ লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। ঢাকা থেকে খুলনা ও ঝিনাইদহ হয়ে এই কর্মসূচি কুষ্টিয়ায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

লংমার্চের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, সরকারের ব্যর্থতা ও দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগের দুই দফার কর্মসূচির তুলনায় এবারের লংমার্চের পরিসর আরও বড় হবে। ঢাকা ও আশপাশের জেলাসহ মোট ১৯টি জেলার দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা এতে অংশ নেবেন। কর্মসূচিতে প্রায় দেড় হাজার যানবাহন যুক্ত হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ঘোষিত সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট নিরসন এবং প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ করা।

গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের একটির ভিত্তিতে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচিত হয়ে অন্যটির গণরায় উপেক্ষা করা জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গের শামিল। সরকার আন্তরিক হলে আগামী ৯ নভেম্বর অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে বিরোধী দলের সহযোগিতায় এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে পারে।

তিনি জুলাই গণহত্যার মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও জ্বালানি সংকট সমাধানের দাবি জানান। একই সঙ্গে প্রশাসন, সচিবালয়, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাব বিস্তার বন্ধের আহ্বান জানান তিনি।

দেশের দুর্নীতি, টেন্ডারবাজি, ডিলারশিপ বাণিজ্য ও চাঁদাবাজির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, চাঁদাবাজির চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। পরিবর্তন হয়েছে কেবল চাঁদাবাজদের পরিচয় ও রাজনৈতিক দলের নাম।

লংমার্চের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে ঢাকা ও খুলনা রেঞ্জের পুলিশ প্রশাসন, সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে সহযোগিতার আশ্বাসও পাওয়া গেছে।

মহাসড়কে কর্মসূচির কারণে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হতে পারে উল্লেখ করে আগাম দুঃখ প্রকাশ করেন গোলাম পরওয়ার। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চ পরিচালনার পরিকল্পনার কথাও জানান তিনি।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, বহরের নিরাপত্তা, চিকিৎসাসেবা, অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক কার্যক্রম ও গণমাধ্যম দলের নির্দেশনা মেনে চলতে হবে। পাশাপাশি যাত্রাপথে নির্ধারিত টোল পরিশোধ এবং প্রয়োজনীয় খাবার ও ওষুধ সঙ্গে রাখার পরামর্শ দেন তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন