Saturday, October 31, 2026

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু, নভেম্বরে গ্রিডে যুক্ত হওয়ার আশা


ছবিঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পাবনা

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। কেন্দ্রটির প্রথম ইউনিটে প্রাথমিক পর্যায়ের উৎপাদন কার্যক্রম চালু হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বরেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১২টার দিকে দ্বিতীয় দফায় পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর পর্যায়ক্রমে নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এই অনুমোদনের মধ্য দিয়ে চুল্লিতে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন চালুর পথ তৈরি হয়। এর ফলে নিয়ন্ত্রিতভাবে পরমাণুর বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে তাপ ও শক্তি উৎপাদন শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ পর্যায়ে স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, সেটিও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

প্রকল্পটির পরবর্তী ধাপ ‘বি-২’। এ পর্যায়ে পারমাণবিক চুল্লিকে প্রাথমিক পরিচালনার জন্য প্রস্তুত করা হয়। এরপর শুরু হয় ক্রিটিক্যালিটি বা স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন। এই প্রক্রিয়ায় চুল্লির ভেতরে পরমাণুর বিভাজন নিয়ন্ত্রণের মাধ্যমে ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানো হয়।

সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা ৩০০ মেগাওয়াটে পৌঁছালে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের আগে প্রয়োজনীয় পরীক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এদিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহের কার্যক্রমও শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের প্রস্তুতির অংশ হিসেবে এই সরবরাহ শুরু হয়েছে।

প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু এবং দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ কার্যক্রম এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে রূপপুর প্রকল্প বাস্তবায়নে নতুন অগ্রগতি এসেছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় যুক্ত হবে পারমাণবিক শক্তির নতুন একটি উৎস।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন