- ৩০ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুমিল্লা
মাদক কারবারি, কিশোর গ্যাংয়ের সদস্য ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কুমিল্লাজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এ অভিযানে ৩৫১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকা এবং কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের সব ইউনিটের পাশাপাশি গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরাও এতে অংশ নেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। তিনি জানান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে অভিযান তদারকি করেন। আটক ব্যক্তিদের অপরাধে সংশ্লিষ্টতা যাচাইয়ের পর ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদের মধ্যে অপরাধে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ না পাওয়া এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ২১৯ জনকে মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক, ছিনতাই ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লাজুড়ে বিশেষ অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় ২৯ অক্টোবর পর্যন্ত ৩৭ দিনে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আর বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেন, উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে জেলা পুলিশ নিয়মিত প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করছে। অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক নজর রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, কুমিল্লা থেকে কিশোর অপরাধ, মাদক ও ছিনতাই নির্মূলে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।