- ৩০ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নেত্রকোনা
নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বাবা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ও আট বছর বয়সী মেয়ে এবং অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাউড়িবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাহমুদুল হক শাহীন (৪০)। তিনি কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা এবং কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। নিহত তাঁর ছেলের নাম রাজিন (৫)। দুর্ঘটনায় শাহীনের স্ত্রী তুহিন আক্তার ও আট বছর বয়সী মেয়েও গুরুতর আহত হয়েছে।
এ ছাড়া অপর মোটরসাইকেলের চালক সাফিক মিয়া (৩৫) আহত হয়েছেন। তিনি নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে লাউড়িবাড়ি এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হক শাহীন ও তাঁর ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।