Saturday, October 31, 2026

টঙ্গীতে আবাসিক ভবনে ইয়াবা তৈরির গোপন ল্যাব, গ্রেফতার ১


ছবিঃ টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় একটি আবাসিক ভবনে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। বাড়িটির ভেতরে পৃথকভাবে স্থাপন করা একটি পরীক্ষাগার থেকে মাদক তৈরির বিভিন্ন কাঁচামাল, রাসায়নিক উপাদান ও আধুনিক যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক নাজমুল ইসলাম বাপ্পী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পাগাড়ের আলেরটেক এলাকায় ওই বাড়িতে অভিযান চালায়।

গ্রেফতার নাজমুল ইসলাম বাপ্পী পাগাড় এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বাড়িটিতে অভিযান পরিচালনা করে। সেখানে তল্লাশি চালিয়ে ইয়াবা তৈরির উদ্দেশ্যে স্থাপন করা একটি গোপন ল্যাবের সন্ধান পাওয়া যায়।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, অনলাইনে বিভিন্ন তথ্য সংগ্রহ ও পড়াশোনার মাধ্যমে ইয়াবা তৈরির প্রক্রিয়া শেখেন নাজমুল। এরপর প্রায় ছয় মাস ধরে ওই ল্যাবে কাজ চালিয়ে আসছিলেন তিনি। তবে এখনো সেখানে পুরোদমে মাদক উৎপাদন শুরু হয়নি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন গ্রেফতার ব্যক্তি।

টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ল্যাবটিতে ইয়াবা তৈরির বিভিন্ন রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি পাওয়া গেছে। এগুলো ব্যবহার করে বড় পরিসরে ইয়াবা বড়ি তৈরির পরিকল্পনা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ল্যাবটিতে কী পরিমাণ মাদক তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জব্দ করা উপাদান ও যন্ত্রপাতির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজও চলছে।

এ ঘটনায় গ্রেফতার নাজমুল ইসলাম বাপ্পীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন