Saturday, October 31, 2026

কুমিল্লায় মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৩৬


ছবিঃ কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৩৬ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা 

কুমিল্লা জেলার ১৮টি থানায় মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩৬ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ১০৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১২৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক ও জিম্মাদারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় অভিযানে অংশ নেয় জেলা পুলিশের সব ইউনিট ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। কুমিল্লা মহানগরীসহ জেলার প্রতিটি থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বিশেষ করে যেসব এলাকায় কিশোর ও বখাটেদের আড্ডা, উৎপাত এবং অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেসব স্থানে নজরদারি বাড়ানো হয়।

অভিযান চলাকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি বিভিন্ন স্থানে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১০৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়া এবং প্রাথমিকভাবে সতর্ক করার অংশ হিসেবে অন্য ১২৯ জনকে মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবক ও জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিতভাবে ঝটিকা ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে। মাদক, ছিনতাই ও কিশোর অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের সময় কোনো নিরীহ বা নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন