- ১৬ মে, ২০২৬
ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলে মশাবাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
শনিবার (১৬ মে) সকালে যশোর ইনস্টিটিউট পুকুর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। তাই আগেভাগেই সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং সেই উদ্যোগের অংশ হিসেবেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, শুধু আনুষ্ঠানিক কর্মসূচি পালন করলেই হবে না, রোগ প্রতিরোধে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় যশোর ইনস্টিটিউট–এর আয়োজনে এবং জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক সংগঠনের প্রতিনিধিরা।