- ২৪ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে বাংলাদেশ কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে ৫ কেজি ক্রিস্টাল মেথ বা আইস এবং ৪ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।
কোস্টগার্ড জানায়, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের একটি বড় চালান নাফ নদীর গোলারচর হয়ে শাহপরীর দ্বীপসংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে টেকনাফ কোস্টগার্ড স্টেশন ও শাহপরীর দ্বীপ আউটপোস্টের সদস্যরা বিশেষ অভিযান চালান।
অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঝাউবনের দিকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো চায়ের প্যাকেটের ভেতর বিশেষ কায়দায় রাখা ৫ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
এর আগে রোববার সন্ধ্যায় টেকনাফের কেরনতলী এলাকায় পৃথক একটি অভিযান চালায় কোস্টগার্ড। সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ নেচারুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
আটক নেচারুল ইসলাম হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নেচার পার্ক এলাকার বাসিন্দা। তিনি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের নবাব মিয়ার ছেলে। বিয়ের পর টেকনাফের ওই এলাকায় বসবাস করে অটোরিকশা চালাতেন বলে জানা গেছে। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
অন্যদিকে, টেকনাফ সীমান্তের মৌলভীবাজার এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উখিয়া ৬৪ ব্যাটালিয়নের হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল রাতে সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে তিন সন্দেহভাজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে দেখে।
বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় টহল দল ফাঁকা গুলি ছোড়ে। তবে সন্দেহভাজনরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতরে খাকি রঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ৪০ কাট বা ৪ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
কোস্টগার্ড ও বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদক ও জব্দ করা অন্যান্য আলামতের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।