- ২৪ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। শেরপুর
শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই রাতে উপজেলার পৃথক দুটি স্থান থেকে আরও দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একসঙ্গে চারটি ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী গ্রামের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত দুই শিশু হলো—মধ্য নাকশী গ্রামের হযরত আলীর ছেলে রোহান (৭) এবং একই গ্রামের এবাদুল ইসলামের ছেলে ইসমাইল (৬)।
স্থানীয়দের ভাষ্য, রোববার দুপুরের দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রোহান ও ইসমাইলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে তাদের খুঁজেও সন্ধান পাননি। পরে গভীর রাতে স্থানীয় কয়েকজন ওই পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
এদিকে, একই উপজেলায় পৃথক ঘটনায় আরও দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তন্তর গ্রামের কামরুল ইসলামের মেয়ে কামরুন নাহার শাকিলা (১৫) এবং নয়াবিল গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী নুর জাহান বেগম (৬৫) রয়েছেন।
তবে পৃথক ওই দুই নারীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের মরদেহ উদ্ধারের পর বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, পুকুর থেকে উদ্ধার করা দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দুই নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।