- ২৪ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। সুনামগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. উজ্জ্বল হোসেন (২৫) নামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের বাসিন্দা। তিনি মো. আতাউর রহমানের ছেলে। আনসার সদস্য হিসেবে কর্মরত থাকার পাশাপাশি তিনি জামালগঞ্জের একটি ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। পরে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হলে পথে দুর্ঘটনার শিকার হন।
উজ্জ্বলের বড় বোন শামীমা আক্তার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ জানান, সকাল ৮টার দিকে ডাবর পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।