Monday, August 31, 2026

বিস্কুটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার


প্রতীকী ছবিঃ শিশুকে ধর্ষণ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ভোলা

ভোলার মনপুরায় বিস্কুট দেওয়ার কথা বলে ছয় বছরের এক শিশুকে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করার পর অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার কিশোরের নাম শাকিল আলম। তার বয়স ১৫ বছর ৮ মাস। সে মনপুরা উপজেলার একই ইউনিয়নের বাসিন্দা খোকন মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে শাকিল ওই শিশুকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটির ওপর যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে তার মা সেখানে গিয়ে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি প্রতিবেশীদের জানানো হলে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে। তবে ঘটনার পর তিন দিন পার হলেও কোনো সমাধান না হওয়ায় শিশুটির মা মনপুরা থানায় মামলা করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে শাকিল আলমকে গ্রেফতার করে। রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে বরিশাল শিশু আদালতে পাঠানো হয়।

এদিকে, ভুক্তভোগী শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি শাকিল আলমকে গ্রেফতার করা হয়েছে। তাকে বরিশাল শিশু আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন