Monday, August 31, 2026

জাল কাগজে দলিল লেখার অভিযোগ: কোটালীপাড়ায় ৪ দলিল লেখক সাময়িক বহিষ্কার


ছবিঃ সাব-রেজিস্ট্রার কার্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাল কাগজপত্র ব্যবহার করে দলিল লেখার অভিযোগে গত এক মাসে চারজন দলিল লেখককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের স্থায়ীভাবে বহিষ্কার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সাময়িক বহিষ্কৃত চার দলিল লেখক হলেন সোনাটিয়া গ্রামের কাসেম শাহের ছেলে মো. মনিরুজ্জামান শাহ, পাখরপাড় গ্রামের মৃত সুধীর মন্ডলের ছেলে শুক্রাচার্য মন্ডল, বংকুরা গ্রামের নেহাল উদ্দিনের ছেলে নাসির উদ্দিন শেখ এবং কাঠি গ্রামের নিজামুল হকের ছেলে মিজানুর রহমান বুলবুল শেখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ আগস্ট কোটালীপাড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুটি দলিল নিবন্ধনের জন্য দাখিল করেন দলিল লেখক মো. মনিরুজ্জামান শাহ ও শুক্রাচার্য মন্ডল। দলিলের সঙ্গে সংযুক্ত কাগজপত্র দেখে সন্দেহ হওয়ায় সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন সেগুলো যাচাই-বাছাই করেন। পরে তদন্তে দলিল দুটির সঙ্গে জমা দেওয়া কয়েকটি কাগজপত্র জাল বলে প্রমাণিত হয়। এরপর ওই দুই দলিল লেখককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

এর আগে, চলতি আগস্টের ৭ তারিখে জাল কাগজপত্রের মাধ্যমে দলিল তৈরির অভিযোগে নাসির উদ্দিন শেখ ও মিজানুর রহমান বুলবুল শেখকেও সাময়িক বহিষ্কার করা হয়।

চার দলিল লেখকের বিরুদ্ধে কেন স্থায়ীভাবে বহিষ্কার এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব দেওয়ার জন্য তাদের তিন কর্মদিবস সময় দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাময়িক বহিষ্কৃত দলিল লেখক মো. মনিরুজ্জামান শাহ বলেন, দাতা ও গ্রহীতারা দলিল ও পর্চাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার কাছে আসেন। নিয়ম মেনেই তিনি সেসব কাগজপত্রের ভিত্তিতে দলিল প্রস্তুত করে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দিয়েছেন। পরে সাব-রেজিস্ট্রার ভায়া দলিল ও দাখিলা জাল বলে জানান। এ ঘটনায় তাকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি এরই মধ্যে নোটিশের লিখিত জবাব দিয়েছেন বলেও জানান।

অন্যদিকে, বহিষ্কৃত দলিল লেখক শুক্রাচার্য মন্ডলের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও একাধিক দলিল লেখক নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কিছু দলিল লেখক দীর্ঘদিন ধরে ভুয়া কাগজপত্র ব্যবহার করে জাল দলিল তৈরির সঙ্গে জড়িত। এ কাজে কার্যালয়ের কোনো চক্র জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

তাদের অভিযোগ, জাল কাগজপত্রের মাধ্যমে দলিল তৈরি হলে জমির প্রকৃত মালিকসহ সাধারণ মানুষ প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি ভবিষ্যতে জমি নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তাই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন বলেন, দলিল নিবন্ধনের সময় জাল কাগজপত্র উপস্থাপনের অভিযোগে মো. মনিরুজ্জামান শাহ ও শুক্রাচার্য মন্ডলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর আগে একই অভিযোগে নাসির উদ্দিন শেখ ও মিজানুর রহমান বুলবুল শেখকে সাময়িক বহিষ্কার করা হয়।

তিনি আরও বলেন, চারজনের বিরুদ্ধেই কেন স্থায়ীভাবে বহিষ্কার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন