Monday, November 23, 2026

যশোরে চার বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ


ছবিঃ মধ্যরাতে যশোরে কয়েকটি বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। যশোর

যশোর শহরের পোস্ট অফিসপাড়া, পুরাতন কসবা ও ঘোষপাড়া এলাকায় চারটি বাড়ি এবং একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) গভীর রাতে পৃথক এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে একটি বাড়ির জানালার কাচ ভেঙে গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে শহরের মুন্সি মিনহাজ উদ্দিন সড়কে মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। একই সময় সাবেক কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমনের বাড়ির সামনে অবস্থিত তাঁর ভাইয়ের মালিকানাধীন লাবিস্তা রেস্টুরেন্টের সামনেও একাধিক ককটেল বিস্ফোরিত হয়। পরপর বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের দুই ভাই সাত্তার চাকলাদার ও ফন্টু চাকলাদারের বাড়ি লক্ষ্য করেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। একই সময়ে ঘোষপাড়া এলাকায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের বাড়ি লক্ষ্য করে পাঁচটি ককটেল ছোড়া হয়।

আনোয়ার হোসেন বিপুলের ভাই অ্যাডভোকেট কামাল হাসান পলাশ জানান, তাঁদের বাড়ি লক্ষ্য করে ছোড়া ককটেলগুলোর একটি পাশের বাড়ির দেয়ালে বিস্ফোরিত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ পরপর বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। কী ঘটেছে, তা বুঝতে এলাকায় জড়ো হন অনেকে। বিস্ফোরণের আঘাতে মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে যায়। তবে অন্য কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি কবির হোসেন জানান, মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালা এবং পাশের রেস্টুরেন্টের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছেন তাঁরা। এসব ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখছে।

পুরাতন কসবা এলাকার ঘটনা সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। তবে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।

পৃথক এসব বিস্ফোরণের পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন